Advertise with us

এআই খাতে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এআই খাতে দক্ষ জনশক্তি গঠনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: আইসিটি মন্ত্রী

শনিবার (১১ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। এআই প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আজ সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ ও ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক এআই প্রযুক্তিতে দক্ষ হয়ে শিল্প-উপযোগী সমাধান ও উদ্ভাবনী প্রকল্প তৈরির সুযোগ পাবে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ প্রায় সব ক্ষেত্রেই এআই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। তাই গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।

ফকির মাহবুব আনাম জানান, আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম লক্ষ্য। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্যে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ডসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সহায়তা দেওয়া হবে।

অনুষ্ঠানে উদ্বোধন করা হয় অত্যাধুনিক এআই গবেষণা ল্যাব, যেখানে এনভিডিয়া জিপিইউ-সমৃদ্ধ উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার স্থাপন করা হয়েছে। ল্যাবটিতে পাঁচজন পূর্ণকালীন গবেষক কাজ করছেন এবং ইতোমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ ও ‘এআই রেজিস্ট্রার’-এর মতো বিভিন্ন উদ্ভাবনী সমাধান তৈরি করেছেন।

পরে মন্ত্রী এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬-এ অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে ছয়টি ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আর. কবীরসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া