Advertise with us

কুমিল্লায় ২০ বাড়িতে হামলা-গুলি, কলেজছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুমিল্লায় ২০ বাড়িতে হামলা-গুলি, কলেজছাত্র আহত

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে দুই সাংবাদিকের বাড়িসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে মাদক কারবারিরা। এ সময় রাহাত হোসেন জয় নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড়ের ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করতো। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেন। এতে মঙ্গলবার সন্ধ্যায় মাদক কারবারিদের ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা এ সময় কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ সময় তোফায়েল আহমেদের ছেলে রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।

আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় তিনি এ হামলার বিচার দাবি করেন।

হামলার পরই ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া