নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | ১১৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌঁড়ে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু টানা দুই ম্যাচে ড্র নিয়ে সেই স্বপ্নে খানিকটা ধাক্কা খেয়েছে গানাররা। অবশ্য আর্সেনালের হারের দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ইংল্যান্ডের উঠতি তারকা বুকোয়ো সাকা।
রোববার লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হামের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। এ ম্যাচে পেনাল্টি মিস করে সহজ সুযোগ হাতছাড়া করেছেন সাকা। এজন্য ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন এ আর্সেনাল তারকা।
ম্যাচ শুরু হওয়ার খুব অল্প সময়েই ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। ম্যাচের ৭ ও ১০ মিনিটে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডিগার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোল পেতে পারত আর্সেনাল। কিন্তু সেটি সম্ভব হয়নি।
ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি কিক পেয়ে গোলপোস্টের বাইরে শট করেছেন বুকায়ো সাকা। এতে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় আর্সেনাল-ওয়েস্ট হাম। পেনাল্টি মিসের আক্ষেপ করে পরে ক্ষমা চেয়েছেন আর্সেনালের এ রাইট উইঙ্গার।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকা বলেন, ‘ফলাফল যা-ই হোক না কেন, আমি দায় স্বীকার করে নিচ্ছি। গানার্সদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিকমতো পারফরম্যান্স করতে যা করা দরকার, তা করব।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছে আর্সেনাল। ২৩ জয়, ৫ ড্র ও ৩ পরাজয়ে গানারদের পয়েন্ট ৭৪। অন্যদিকে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলেছে ম্যান সিটি।
আগামী শুক্রবার এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে গানার্সদের প্রতিপক্ষ সাউদাম্পটন।