নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান শ্রেণির প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন থেকে এ অডিট করা হবে।
ঝুঁকিভিত্তিক মানদণ্ডের ওপর ভিত্তি করে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ওই আয়কর রিটার্ন ফাইল নির্বাচন করা হয়। এর মধ্যে জুলাই মাসে প্রথম পর্যায়ে ১৫ হাজার ৪৯৪টি ও দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর সূত্রে জানা যায়, অডিট নির্বাচনের এই প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।
এর ফলে করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের স্বচ্ছতার দাবি পূরণ হলো। এর আগে প্রথম পর্যায়ে গত জুলাই মাসে দৈবচয়ন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়।
দ্বিতীয় পর্যায়ের স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০টি এবং সর্বনিম্ন ২০টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় পর্যায়ে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, অডিট নির্বাচনের ক্ষেত্রে কর্মকর্তাদের ব্যক্তিগত বিবেচনার সুযোগ থাকায় অনেক সময় করদাতা হয়রানির অভিযোগ উঠত। ডিজিটাল এই পদ্ধতি চালুর ফলে হয়রানি কমবে এবং সাধারণ করদাতাদের মধ্যে এনবিআর সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে।