নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পাকিস্তানকে স্বাগতিক দেশ হিসেবে উপস্থাপন করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রচারণামূলক প্রোমো ভিডিও প্রকাশ করেছে আইসিসি। প্রোমোটিতে আকর্ষণীয়ভাবে লোগো এবং ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। এটিতে ক্রিকেটের স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। দেড় মিনিটের ভিডিওতে অংশগ্রহণকারী দেশগুলো এবং পাকিস্তানের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে।
ভিডিও প্রকাশ সত্ত্বেও ভারতের অংশগ্রহণ নিয়ে এখনো রয়েই গেছে অনিশ্চয়তা। আইসিসি দলটির অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। নিরাপত্তা ইস্যু দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না বলে বারবারই জানিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসআই)।
এদিকে, ভারতের বিরুদ্ধে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টিম ইন্ডিয়া খেলতে না আসলে আগামীতে তাদের বিপক্ষে কোনো ম্যাচ খেলবেনা পাকিস্তান। পিসিবির ঘনিষ্ঠ সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে।
গণমাধ্যমে আগেই টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর নিয়ে আলোচনা হয়েছিল। তবে পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নাকচ করেছে। আসর যতই ঘনিয়ে আসছে, জটিলতাও আরো বাড়ছে। সবার চোখ এখন আইসিসি, বিসিসিআই এবং পিসিবির দিকে। শেষ পর্যন্ত কি হয় এবার সেটাই দেখার অপেক্ষা।