নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ মে ২০২৪ | প্রিন্ট | ১৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছেলে আ. লতিফ বেপারীর (৬৯) কোলে চড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন রিজিয়া খাতুন (১০১)। ভোট দিয়ে বললেন, আল্লাহ আর কত দিন বাঁচায় জানি না, মনে হয় জীবনের শেষ ভোট দিয়ে গেলাম।
বৃদ্ধ রিজিয়া খাতুন ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নর ৩ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের বাসিন্দা। দারুল আমান উচ্চ বিদ্যালয়কেন্দ্রের ভোটার। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রে এসে ভোট দেন তিনি।
ভোটার রিজিয়া খাতুন বলেন, জীবনে অনেক ভোট দিয়েছি। বয়স তো কম হলো না। হাঁটতে পারি না বয়সের ভারে। অনেক অসুস্থ। তারপরও ভোটের কথা শুনে মনটা যেন কেমন করে উঠল। রাতে ছেলে লতিফকে বলি ভোট দেওয়ার কথা। ও নিয়ে আসবে বলে। আমি হাঁটতে পারি না, তাই ছেলে লতিফের কোলে ভর করে এসেছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ডামুড্যা উপজেলা পরিষদ। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯ হাজার ১৯১ জন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।