নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন অভিনয়শিল্পী দেশ ছেড়েছেন। দেশীয় চলচ্চিত্রে নায়কের ভূমিকায় থাকা প্রথম সারির প্রায় সবাই এখন দেশের বাইরে। চিত্রনায়ক জায়েদ খান, সাইমন সাদিক, ইমন, অমিত হাসান, আমিন খান ও আলেকজান্ডার বো গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সর্বশেষ অভিনেতা বাপ্পিও পাড়ি জমিয়েছেন মার্কিন মাটিতে।
তবে চিত্রনায়ক শাকিব খান সম্প্রতি দেশে ফিরেছেন। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে গেলেও তিনি চলতি মাসের শুরুতে ঢাকায় ফিরেছেন এবং শিগগিরই নতুন চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে।
বাকিদের মধ্যে অনেকে দেশে ফেরার চিন্তাও করছেন না। কেউ স্থায়ী হওয়ার চেষ্টা করছেন, কেউ সাময়িকভাবে চাকরি করছেন, কেউবা মঞ্চে পারফর্ম করছেন।
এদিকে দেশের চলচ্চিত্র শিল্পও নেতিয়ে পড়েছে। এফডিসিতে নতুন কোনো বড় বাজেটের চলচ্চিত্রের শুটিং তেমন হচ্ছে না। সূত্র জানায়, বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ প্রায় বন্ধের পথে।
আজ বুধবার জানা গেছে, এফডিসির ৯ নম্বর ফ্লোরে চলছে ‘তছনছ’ নামের একটি চলচ্চিত্রের শুটিং।
নায়ক মুন্না খান। গতকাল থেকে শুটিং শুরু হয়েছে। একই সঙ্গে একে একে সিনেমা হল বন্ধের ঘোষণাও আসছে। যশোরের মণিহার, বগুড়ার মধুবন, লায়নসসহ বেশ কয়েকটি হল বন্ধ হয়ে যাচ্ছে।
চলচ্চিত্রের শিল্পীরা একে একে দেশ ছাড়ায় ভবিষ্যতে এই শিল্প ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তবে কয়েকজন নির্মাতা বলছেন, বিষয়টি সাময়িক।
চিত্রনায়ক জায়েদ খান ৫ আগস্টের আগেই নিউইয়র্কে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। পরে তাঁর বিরুদ্ধে মামলা হলে তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন ও অনুষ্ঠান সঞ্চালনা করছেন। আপাতত দেশে ফেরার পরিকল্পনা নেই।
সাইমন সাদিক ৫ আগস্টের পরে দেশ ছাড়েন। ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক এখন নিউইয়র্কে চাকরি করছেন। তাঁরও দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই। চিত্রনায়ক ইমন সম্প্রতি পরিবারসহ যুক্তরাষ্ট্রে গেছেন। তিনি কালের কণ্ঠকে জানিয়েছেন, ফিরবেন, তবে সময় লাগবে। অমিত হাসানও যুক্তরাষ্ট্রে চাকরি করছেন।
আমিন খান ও আলেকজান্ডার বো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তারা ফিরবেন কি না, তা নিশ্চিত নয়। আলেকজান্ডার বো এখন মূলত কারাতেই ব্যস্ত, দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই।
দীর্ঘদিন চলচ্চিত্রে অনিয়মিত থাকা বাপ্পি চৌধুরীও সম্প্রতি দেশ ছেড়েছেন। তাঁর যুক্তরাষ্ট্র যাত্রার কারণ জানা যায়নি। এর আগে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পি জানিয়েছিলেন, ২০২৫ সালেই তিনি চলচ্চিত্রে ফিরবেন ও বিয়ের পরিকল্পনাও রয়েছে। তবে তাঁর হঠাৎ চলে যাওয়া অনেককেই বিস্মিত করেছে।
অভিনেতা কাজী মারুফ বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বছর দেড়েক আগে তিনি দেশীয় চলচ্চিত্রে ফিরতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে নির্মিত তাঁর একটি চলচ্চিত্র মুক্তি পেলেও তা বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। এরপর তিনি ফের যুক্তরাষ্ট্রেই স্থায়ী হন।
দেশীয় চলচ্চিত্রের এই সংকট প্রসঙ্গে নির্মাতা গাজী মাহবুব কালের কণ্ঠকে বলেন, “বিভিন্ন কারণে শিল্পীরা দেশের বাইরে চলে যাচ্ছেন। সবচেয়ে বড় কারণ, দেশে কাজ নেই। অনেকেই চলে গেছেন, আবার শাকিব খান ও মিশা সওদাগরের মতো কেউ কেউ আসা–যাওয়ার মধ্যে আছেন। ফলে চলচ্চিত্রের অবস্থা এখন খুবই খারাপ।”
সমাধানের উপায় নিয়ে তিনি বলেন, “নির্বাচিত সরকার এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে শিল্পীরা যেভাবে একে একে চলে যাচ্ছেন, অনেকে হয়তো আর ফিরবেন না।”
নিউইয়র্ক থেকে জায়েদ খান কালের কণ্ঠকে বলেন, “এখন দেশে ফেরার মতো অবস্থা নেই। আমার নামে মামলা আছে। এভাবে শিল্পীদের হয়রানিমূলক মামলা করা হলে তারা দেশে থাকবে কীভাবে?”
তবে চিত্রনায়ক ইমন জানালেন তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সময় নির্দিষ্ট করে না বললেও অল্পকিছুদিনের মধ্যেই ফিরবেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন, আসলে ভিসা করা ছিল। অনেকদিন ধরেই আসবো আসবো করে কিন্তু আসা হচ্ছিল না। এবার এলাম, কিছুদিন ঘুরবো, তারপর ফিরে যাবো দেশে।”
চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট দেখে অনুমান করা যায় রাজনৈতিক কারণেই তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন।