নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | ২২২ বার পঠিত | পড়ুন মিনিটে
সরকার নির্ধারিত তিনটি পণ্যের মূল্য মনিটরিং করতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে হাবিব ট্রেডার্স ও বন্দন ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনী মহেষগঞ্জ বাজার ও ডিবি রোডে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউসার মিঞা। অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল।
জানা যায়, সরকারিভাবে আলুর খুচরা মূল্য ৩৫-৩৬ টাকা, পেঁয়াজ ৬৫ ও ডিম ১২ টাকা প্রতি পিস নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু নোয়াখালীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী ও পাইকাররা তা মানছেন না। এমন তথ্যের ভিত্তিতে সকালে জেলার চৌমুহনী বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে হাবিব স্টোরকে প্রতি কেজি আলু ৩৮ টাকায় ক্রয় করে ৪০ টাকায় বিক্রি এবং আলুর ক্রয় রশিদ দেখাতে না পারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। পরবর্তীতে বন্দন ট্রেডার্স নামের আরও একটি প্রতিষ্ঠাকে ৪২ টাকা করে প্রতি কেজি আলু বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
একাধিক ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে দ্রব্যমূল্যের অস্থিরতা রোধে বিভিন্ন সময় জেলা ও উপজেলা শহরগুলোতে অভিযান পরিচালনা করা হলেও গ্রামের বাজারগুলোতে অভিযান তেমন একটা হয় না। যার ফলে শহরের দোকানগুলো সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করলেও গ্রামের বাজারগুলোতে তেমন কোন পরিবর্তন হয় না। তাই সাধারণ ক্রেতাদের দাবি প্রতিটি বাজার মনিটরিং এর আওতায় আনা।
ভোক্তার সহকারী পরিচালক মো. কাউসার মিঞা বলেন, খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের দাবি তাদের ক্রয় মূল্য বেশি হওয়ায় বর্তমানে একটু বেশি মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। তবে আগামী ২/৩ দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে। এছাড়া বাজারগুলোতে ডিম ও পেঁয়াজ সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে।