নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৮ জুন ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা গড়ে তুলতে চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি মাদ্রাসায় সোমবার (২৯ জুন) একযোগে পালিত হবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্প এ কর্মসূচির আয়োজন করেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণের পাশাপাশি ব্যানার-ফেস্টুন, র্যালি এবং জলবায়ুবিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সোমবার সকাল ১০টা ৫ মিনিটে জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।