নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে
বাগেরহাটের ফকিরহাট থেকে অপহৃত ১৮ মাস বয়সী রাফছাকে খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব-৬ এর একটি দল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে ওই শিশুটিকে উদ্ধার করা হয়।
অপহৃত শিশুকন্যা রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে।
অপহরণের অভিযোগে গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘বুধবার সকাল ১১টার দিকে তার প্রতিবেশী ভারাটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। পরে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরবর্তী সময় শিশুটির খোঁজ করতে গিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে।
এসময় রশিদ খান মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে সে অসংলগ্ন কথা বলে এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেন তিনি।
র্যাব-৬ এর কম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে র্যাব-৬ এর একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।