নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ১৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও কারাগারে পাঠানোর আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।
ভরাডুবির কারণে নির্বাচনে যায় না বিএনপি, তারা সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে– এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এক দেশে দুই আইন চলে না; তাই বেগম জিয়াকে আবারও কারাগারে পাঠাতে হবে।’
মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর বংশালে থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তাপস।
তিনি বলেন, একটি কুচক্রী মহল মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে মেয়র তাপস বলেন, ‘জাতীয় পার্টি ছাগলের তিন নম্বর বাচ্চা। গত নির্বাচনে তাদেরকে আটটি আসন ছেড়ে দেয়া হয়েছিল, সেগুলো জাপাকে না দিয়ে আওয়ামী লীগকে দেয়া হোক।
তিনি আরও বলেন, ‘বাংলার মাটি থেকে আওয়ামী লীগ কখনো পালাবে না। পালাইছে বিএনপি নেতারা। মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হইছে অনেককে।’
হুমকি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, আওয়ামী লীগ হামলা করলে ঢাকা মহানগরে বিএনপির কাউকে খুঁজে পাওয়া যেত না। তাই বিএনপিকে মিথ্যাচার না করার আহ্বান জানান তিনি।