নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ মে ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৯ দিন বাকি। এমন সময় বড় দুশ্চিন্তার খবর পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের চোট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
অ্যাস্টন ভিলার হয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের আঙুলে চোট পান মার্তিনেস। জানা গেছে, তার রিং ফিঙ্গারে হালকা মচকানো ধরনের সমস্যা হয়েছে।
চোট নিয়েই অবশ্য ফাইনালে খেলেছেন এই আর্জেন্টাইন গোলকিপার।
৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। তবে ম্যাচ শেষে নিজেই জানান, বল ধরতে গিয়ে সমস্যায় পড়ছিলেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর দাবি, পুরোপুরি সুস্থ হতে প্রায় ২০ দিন সময় লাগতে পারে মার্তিনেসের। আর সেই কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আিইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। তবে এই দুই ম্যাচে খেলছেন না মার্তিনেস—এটি ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টাইন গণমাধ্যম।
কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ কোনো ঝুঁকি নিতে চাইছেন না। তারা চাইছেন, গ্রুপ পর্বের শুরুতেই নয়, পুরো টুর্নামেন্টজুড়ে শতভাগ ফিট মার্তিনেসকে পেতে।
বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক আর্জেন্টিনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে র্যান্ডাল কলো মুয়ানির শট ঠেকিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। পরে টাইব্রেকারেও নায়ক হন মার্তিনেস।