Advertise with us

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট দ্রুত দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট দ্রুত দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে স্বল্পতম সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল এবং তার সহযোগী স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

তিনি বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত প্রতিটি জঘন্য অপরাধে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, পুলিশ ‘প্রো-অ্যাক্টিভ’ ও ‘রি-অ্যাক্টিভ’—উভয় পদ্ধতিতেই কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে প্রতিরোধমূলক অভিযান পরিচালনার পাশাপাশি ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় দ্রুত গ্রেফতার ও তদন্ত নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ঝুলে থাকা বিভিন্ন চাঞ্চল্যকর মামলাও নতুন করে তদন্তের আওতায় আনা হয়েছে। এর মধ্যে কুমিল্লার তনু হত্যা মামলায় নতুন অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে আবেগের বশবর্তী হয়ে তাৎক্ষণিক কঠোর আইন প্রণয়ন বা নতুন বিশেষ আদালত গঠন না করে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে ভারতের ‘সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’ (সিএএ) প্রসঙ্গে তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে।

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া