Advertise with us

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্বপ্ন সুপারশপে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই) অঙ্গপ্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (স্বপ্ন সুপারশপ) ৭০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৪ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩০তম সভায় এ বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ১ হাজার টাকা অভিহিত মূল্যের ৭০ লাখ রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের মধ্যে এ বিনিয়োগ সম্পন্ন করা হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্বপ্ন সুপার শপে ৬৪০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছিল কোম্পানিটি। সেসময় সুপার শপটির প্রতিটি ১ হাজার টাকা অভিহিত মূল্যের মোট ৬৪ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার কিনেছিল এসিআই।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১১ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৭৮ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ২৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ৬৪ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯১ টাকা ১৭ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৮ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১২ টাকা ৩০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৭ পয়সায়।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআইয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৯১ কোটি ৬৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৮৪৩। এর ৪২ দশমিক ২৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৮ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া