নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ মে ২০২৫ | প্রিন্ট | ৩৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সড়কের পাশে বাসস্ট্যান্ডের চায়ের দোকানে দুই ব্যক্তি একে-আপরকে পুলিশে দেওয়ার ভয় দিচ্ছিলেন। এ সময় দুই জনের ধস্তাধস্তি চলাবস্থায় একজনের কাছে থাকা চারটি প্যাকেট থেকে মোট ৭৭৬ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করলেও অপরজন পালিয়ে যায়। আজ সোমবার (২৬ মে) দুপুরে এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস শ্যাামল ছায়া পরিবহন থেকে দুইজন নামেন ঈশ্বরগঞ্জ সদর বাসস্ট্যান্ডে। পরে এক যুবক অন্য এক ব্যক্তিকে শার্টের কলারে ধরে নিজের মোবাইল বের করে ফোন দিচ্ছিল। ওই ব্যক্তি বলছিলেন স্যার ধরে ফেলেছি। এতে শার্টের কলার ধরে আটকে রাখা ব্যক্তিটি নিজেকে ছাড়ানো চেষ্টা করে ব্যর্থ হন।
এক পর্যায়ে দুইজনের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। একই সময় ওই স্থান দিয়ে যাচ্ছিলেন ঈশ্বরগঞ্জ থানার পিকআপ চালক রিপন চন্দ্র। তিনি ঘটনা জানতে চেয়ে নিজেকে পুলিশ পরিচয় দিলে দুইজনকেই থানায় যেতে বললেন একজন দ্রুত স্থান ত্যাগ করে লাপাত্তা হয়ে যায়। পরে উদ্ধার হওয়া চারটি প্যাকেট থেকে ৭৭৬ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
খবর পেয়ে থানা থেকে আসেন উপপরিদর্শক ওমর ফারুক।
জানা যায়, ইয়াবাসহ আটককৃত ব্যক্তিটি হচ্ছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের ছেলে উজ্জ্বল (৩০)। তিনি জানান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে তিনি চার প্যাকেট ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জগামী ‘শ্যামল ছায়া’পরিবহনে উঠে ঈশ্বরগঞ্জ আসেন। এখানে বসে থাকার কথা ত্রিশালের এক ব্যক্তি। তাকেই ইয়াবা বড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল।
উজ্জল আরো জানান, তার সাথে পাশের সিটে ছিলেন হাসান (২৮) নামের এক যুবক। তিনি ঈশ্বরগঞ্জে নামার সময় তার সঙ্গে তর্কে লিপ্ত হয়। তবে ওই হাসান কে, তা তিনি জানেন না।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আটক যুবকের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যের ভিত্তিতে মাদকচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া চলছে। এ ছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।