শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইসলামী ব্যাংকের স্বার্থরক্ষায় কাজ করছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসলামী ব্যাংকের স্বার্থরক্ষায় কাজ করছে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার মূলধন সাড়ে ৬ হাজার কোটি টাকা হলেও গ্রাহকদের আমানতের পরিমাণ প্রায় পৌনে ২ লাখ কোটি টাকা।

ফলে ব্যাংকটির প্রকৃত মালিক আমানতকারীরাই। তাই তাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও বর্তমান ব্যবস্থাপনা নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। ইসলামী ব্যাংকের হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখায় গতকাল এক গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন ইসলামী ব্যাংকও সগৌরবে টিকে থাকবে। এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের ব্যাংক নয়; এটি হবে সর্বসাধারণের ব্যাংক।’ তিনি বলেন, ‘ব্যাংকের শেয়ার মূলধন মোট আমানতের তুলনায় খুবই সামান্য। তাই আমানতকারীদের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে।’

প্রশাসক জানান, ইসলামী ব্যাংকের ৩০-৩৫ বছরের অভিজ্ঞ পেশাদার ব্যবস্থাপনা দলের ওপর পূর্ণ আস্থা রাখা হয়েছে। পরিচালনা পর্ষদের দায়িত্ব নীতিনির্ধারণে সীমাবদ্ধ থাকবে, আর ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন পেশাদার ব্যাংকাররা।

গ্রাহকদের ব্যাংকের পাশে থাকার এবং আমানত বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘ইসলামী ব্যাংকের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই।’ পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি অল্প সময়ের মধ্যেই হারানো গৌরব পুনরুদ্ধার করে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসাইন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখার প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কুতুব উদ্দিন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া