নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
টেকসই কৃষি উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং মাটি, পানি, পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের বালাইনাশক খাতকে যুগোপযোগী করতে ১৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। আগামী তিন মাসের মধ্যে বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নতুন একটি পলিসি গাইডলাইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।
মঙ্গলবার (২১ জুলাই) কৃষি মন্ত্রণালয়ের উপকরণ-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
উপসচিব মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বালাইনাশকের আমদানি, উৎপাদন, ব্যবহার ও গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান আইন, নিবন্ধন, লাইসেন্সিং ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, গবেষণাগারের কার্যক্রম এবং মনিটরিং ব্যবস্থা পর্যালোচনা করে খাতটিকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক।
এ ছাড়া কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা ও পরিবেশ খাতের বিশেষজ্ঞসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে: বিদ্যমান বালাইনাশক আইন, বিধিমালা ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন, বালাইনাশক খাতের বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান।
প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের কো-অপ্ট করতে পারবে।
কৃষি মন্ত্রণালয়ের আশা, এই কমিটির সুপারিশের ভিত্তিতে বালাইনাশক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার আনা সম্ভব হবে। এর মাধ্যমে কৃষিতে বালাইনাশকের নিরাপদ ও পরিমিত ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদন আরও জোরদার হবে।