নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
রবিবার (২৬ জুলাই) চলতি বছরের পুলিশ পদকের তালিকা তাড়াহুড়ো করে প্রস্তুত করায় তাতে কিছু ত্রুটি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে একটি বিশুদ্ধ তালিকা প্রস্তুত করে পদক প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর পুলিশ পদকের তালিকা দ্রুততার সঙ্গে প্রস্তুত করা হয়েছিল। পরে সেটি যাচাই করতে গিয়ে কিছু ত্রুটি ধরা পড়ে। দুই-একটি ক্ষেত্রে অনিয়মও হয়ে থাকতে পারে।
বিষয়টি বর্তমানে তাঁর কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দ্রুতই যাচাই-বাছাই শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, পুরস্কার ও তিরস্কার কার্যক্রমের এটি তৃতীয় আয়োজন। এই ধারা অব্যাহত থাকবে। যারা আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তারা পুরস্কৃত হবেন। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে পুলিশের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সরকারের সদিচ্ছার ওপরই বাহিনীগুলোর পেশাদার দায়িত্ব পালনের পরিবেশ অনেকাংশে নির্ভর করে। অতীতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সম্প্রতি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রথযাত্রা ও উল্টো রথের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সব আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। ঘটনাক্রমে ওই ইলেকট্রনিক ডিভাইসটি উদ্ধার করা হয়। প্রথমে দুই আনসার সদস্য সেটি দেখতে পেয়ে দায়িত্বরত পুলিশকে জানান। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট গিয়ে সেটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওই ধর্মীয় আয়োজনের সঙ্গে উদ্ধার হওয়া ডিভাইসটির কোনো সম্পর্ক রয়েছে বলে তিনি মনে করেন না।