নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৩ বার পঠিত | পড়ুন মিনিটে
খেলাপি ঋণ পুনরুদ্ধার, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণ এবং ডিজিটাল ব্যাংকিং সেবার বিস্তারে গুরুত্বারোপ করেছে এনআরবিসি ব্যাংক।
এ লক্ষ্যে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাগুলোর ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধিবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার, চট্টগ্রাম জোনের প্রধান কাজী মো. সাফায়েত কবীর, বিভিন্ন শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, খেলাপি ঋণের হার গ্রহণযোগ্য পর্যায়ে নামিয়ে আনতে হবে। একই সঙ্গে এমএসএমই খাতে অর্থায়ন বাড়িয়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং ব্যবসার পরিধি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।’
এ সময় তিনি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করার আহ্বান জানান।
তিনি আরো জানান, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম জোরদারের মাধ্যমে সমাজের সব শ্রেণী-পেশার মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে হবে। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, বিশেষ করে বাংলা কিউআর ব্যবহারে জনসচেতনতা বাড়িয়ে ক্যাশলেস চট্টগ্রাম গড়ে তুলতে ব্যাংকারদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় খেলাপি ঋণ পুনরুদ্ধার, গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, ডিজিটাল উদ্ভাবনের ব্যবহার বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের মাধ্যমে ভবিষ্যৎ প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা দেয়া হয়।