শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আনোয়ারায় সিইআইজেডের ভিত্তিপ্রস্তর, শিল্পায়নে নতুন যুগের সূচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আনোয়ারায় সিইআইজেডের ভিত্তিপ্রস্তর, শিল্পায়নে নতুন যুগের সূচনা: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতে নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ আনোয়ারায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প দীর্ঘমেয়াদে শিল্পায়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী জানান, প্রায় ৭৭৬ একর এলাকাজুড়ে গড়ে ওঠা এ অর্থনৈতিক অঞ্চলে ৩৬ হাজারের বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। তৈরি পোশাকের পাশাপাশি বায়ো-ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও চামড়াজাত শিল্প স্থাপনের মাধ্যমে দেশের রপ্তানি বহুমুখীকরণে সহায়তা করবে প্রকল্পটি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ প্রকল্পে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আসতে যাচ্ছে। তিনি দ্রুত ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালু, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পাঞ্চলে দক্ষ জনবল তৈরির জন্য একটি আধুনিক স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্ণফুলী টানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী হওয়ায় সিইআইজেডের যোগাযোগ ও পণ্য পরিবহন সুবিধা অত্যন্ত উন্নত হবে। পরিবেশ সুরক্ষায় এখানে আন্তর্জাতিক মানের সেন্ট্রাল এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন পরিবহন ব্যবস্থা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। একই সঙ্গে বেজার ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুত অনুমোদন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সারোয়ার জামাল নিজাম এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের ভাইস চেয়ারম্যান লি চ্যাংগুই। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন আজকের অগ্রবাণী-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া