নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার ঘটনায় নিহতের মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ছোট ভাই এখনো পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামে এ ঘটনা ঘটে। রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।
নিহত মো. নেজাম উদ্দিন (৩৮) উপজেলার ঘোষখীল গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি শাকপুরার লালারহাট এলাকায় একটি মুদির দোকান পরিচালনা করতেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নেজাম উদ্দিনের সঙ্গে পরিবারের বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে বাড়িতে কাজ চলার খবর পেয়ে সেখানে গেলে ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন কোদাল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।