নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ৪ বার পঠিত | পড়ুন মিনিটে
‘অমর প্রেম’ নাটকে অভিনয় করে সম্প্রতি দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেতা পার্থ সরকার।
রোমান্টিক গল্পের নাটকে তাকে আরো বেশি দেখতে চান দর্শক। এবার তার বিপরীতে নতুন এক জুটি নিয়ে আসছেন নির্মাতা সেলিম রেজা। ‘আলো ছায়া’ শিরোনামের নাটকে পার্থ সরকারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছেন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিয়মিত অভিনয় করে আসছেন তিনি, তার অভিনীত বেশ কয়েকটি নাটক এরই মধ্যে আলোচনায় এসেছে।
এক বছর আগে পার্থর বিপরীতে একটি নাটকে অভিনয় করেছিলেন সাদনিমা, তবে সেটি এখনো প্রচারে আসেনি। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে গত ৩১ জুলাই এবং ১ ও ২ আগস্ট তিনদিনে শেষ হয়েছে আলো ছায়া নাটকের দৃশ্যধারণ। নাজ নাজমার রচনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। এতে আরো অভিনয় করেছেন মিলি বাসার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকারসহ আরো বেশ কয়েকজন। শিগগিরই এটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।
নাটকটি নিয়ে পার্থ সরকার বলেন, ‘অমর প্রেম নাটকের জন্য সত্যিই অবিশ্বাস্য রকম সাড়া পাচ্ছি। দর্শকের এ ভালোবাসার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আলো ছায়া নাটকটির গল্পও খুব সুন্দর। সেলিম রেজা ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি, যে কারণে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটাও চমৎকার। সাদনিমা এ সময় বেশ ভালো করছে। আগামীতে আরো ভালো করবে, এমনটাই প্রত্যাশা করছি।’