নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের ধানখেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
গতকাল সকালে সাপটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘সকালে হাইল হাওরে ধান রোপণের জন্য খেত পরিষ্কার করার সময় কৃষকরা সাপটিকে দেখতে পান। তাৎক্ষণিকভাবে সাপটিকে উদ্ধার করার জন্য কারো মুঠোফোন নম্বর না পাওয়ায় কৃষকরা সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু মুহিবুর রহমান নামের একজন সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করেন। পরে আমরা গিয়ে অজগর সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করি।’ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক জানান, উদ্ধার করা অজগর সাপটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বনে অবমুক্ত করে দেয়া হবে।