নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
সরকার, বাংলাদেশ ব্যাংক বা কোনো বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে করা রিট বা মামলা প্রত্যাহার না করলে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত কোনো প্রণোদনা প্যাকেজ বা নীতিসহায়তার সুবিধা পাবেন না গ্রাহকরা। এ বিষয়ে দেশের সব তফসিলি ব্যাংককে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৯ জুলাই) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে বিভিন্ন খাতে প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ও নীতিসহায়তা কার্যকর করা হয়েছে। এসব উদ্যোগের আওতায় বন্ধ রপ্তানিমুখী শিল্প-কারখানা পুনরায় চালু, কৃষি, সিএমএসএমইসহ বিভিন্ন খাতে বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু গ্রাহক একদিকে প্রণোদনা ও বিশেষ নীতিসহায়তার জন্য আবেদন করছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে করা রিট ও মামলা বহাল রাখছেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে নতুন শর্ত আরোপ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রণোদনা প্যাকেজ বা নীতিসহায়তার জন্য আবেদন করার আগে আবেদনকারীর দায়ের করা রিট পিটিশন বা অন্য কোনো আইনি কার্যক্রম বিচারাধীন থাকলে তা অবশ্যই প্রত্যাহার করতে হবে।
এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে মামলা বা রিট প্রত্যাহারের প্রমাণপত্র, প্রত্যাহার করা মামলার তালিকা এবং আবেদনকারীর বিরুদ্ধে কোনো মামলা বা আইনি কার্যক্রম অনিষ্পন্ন নেই—এ মর্মে একটি হলফনামা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রয়োজনীয় এসব নথি যাচাই-বাছাইয়ের পরই সংশ্লিষ্ট গ্রাহকের প্রণোদনা বা নীতিসহায়তার আবেদন বিবেচনা করবে ব্যাংকগুলো।