নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এর আগে তাদের শনিবার (১ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলেন–কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার হারুন অর রশিদের ছেলে সবুজ (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন কারবারি ইয়াবা বিক্রির জন্য মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছেন।
সেখানে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন একটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালানের ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় পরিবহন, সরবরাহ এবং বিক্রি করে আসছিল।
তিনি আরো বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।