নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে পুকুরে পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অন্তত ৭ জন স্বজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন চাকরিজীবী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তার শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান।
শনিবার সকাল তিনি মাছ ধরার জন্য পানি সেচ দিতে পুকুরে নামেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধারের সময় অন্তত ৭ জন আহত হয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘মিজানুরকে স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের লোকজন এখনো যোগাযোগ করেনি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’