নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের টেলিকম ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ’ (টিআরএনবি)-এর নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদে যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পর্যটন নগরী কক্সবাজারের একটি হোটেলে গত বৃহস্পতিবার সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গঠিত কমিটিতে এস এম মাসুদুজ্জামান রবিন সাধারণ সম্পাদক এবং ফারুক হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নবগঠিত ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—কোষাধ্যক্ষ পদে টেকশহরের আল-আমিন দেওয়ান (সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক) এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকালের হাসনাইন ইমতিয়াজ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য (ইসি মেম্বার) পদে নির্বাচিত হয়েছেন বিদায়ী সভাপতি সমীর কুমার দে (দৈনিক ইত্তেফাক), সময় টেলিভিশনের শুভ খান এবং দ্য ডেইলি স্টারের মাহমুদুল হাসান।