নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজধানীর মিরপুর মডেল থানার সেকশন-৬ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র (স্টান ডিভাইস) এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ছাব্বির আহম্মেদ অর্পূব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁন (২৩)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের সেকশন-৬ এলাকায় অভিযান চালায় মিরপুর মডেল থানা পুলিশ। খবর ছিল, সেখানে ১৭ থেকে ১৮ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছাব্বির আহম্মেদ অর্পূব ও তুহিন আহমেদ তুষারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিএমপি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা অন্য সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানিয়েছেন। এছাড়া তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।