নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুলসহ ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত অন্যরা হলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, তার ছেলে তাজভীর, গাড়িচালক মো. ফরিদ এবং পথচারী ইয়াকুব আলী মণ্ডল।
স্থানীয় সূত্র জানায়, একটি প্রাইভেট কার পাংশার দিকে যাচ্ছিল। পথে বোয়ালিয়া মোড় এলাকায় পৌঁছালে রাজবাড়ীগামী একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচজন এবং এক পথচারী আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবির জানান, রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভা শেষে পাংশায় আরেকটি সভায় যোগ দিতে ফিরছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল এবং তাজভীর। কালুখালীর বোয়ালিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।