নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ইউরোপীয় ফুটবলে নিজের মহাকাব্যিক ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। তুর্কি পরাশক্তি বেসিকতাসের সঙ্গে ইজিপশিয়ান কিংয়ের আলোচনা এখন শেষ মুহূর্তে।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মৌসুমেই ক্লাবের ঐতিহ্যবাহী সাদা-কালো জার্সিতে মাঠ কাঁপাতে দেখা যাবে লিভারপুলের এই সাবেক ফরোয়ার্ডকে।
অ্যানফিল্ডের দুর্গ অলংকৃত করে দীর্ঘ ৯ মৌসুমের সোনালি যাত্রা শেষে সম্প্রতি লিভারপুলকে বিদায় জানিয়েছেন সালাহ। অল রেডসদের হয়ে ঘরোয়া ও মহাদেশীয় সব শিরোপা জেতার পাশাপাশি একের পর এক রেকর্ড ভেঙে অ্যানফিল্ডের সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
খ্যাতিমান ইতালিয়ান ট্রান্সফার সাংবাদিক নিকোলো স্কিরার বরাত দিয়ে জানা গেছে, সালাহ ও তার এজেন্টের সঙ্গে ব্যক্তিগত চুক্তির শর্তাবলীতে পুরোপুরি সম্মত হয়েছে বেসিকতাস।
প্রাথমিক চুক্তির মেয়াদ হবে এক বছরের, যেখানে সালাহর পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২০ লাখ ইউরো। চুক্তিতে আরো এক বছর (২০২৮ সালের গ্রীষ্ম পর্যন্ত) মেয়াদ বাড়ানোর অপশন রাখা হচ্ছে।
বেসিকতাসের ইতালিয়ান কোচ ভিনসেঞ্জো ইতালিয়ানো মূলত ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্ট সালাহর সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরে তাকে রাজি করাতে মুখ্য ভূমিকা পালন করেন।
বর্তমানে ক্লাবের পরিচালনা পর্ষদ চুক্তির আনুষঙ্গিক নথিপত্র চূড়ান্ত করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাব থেকে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।