নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৭ বার পঠিত | পড়ুন মিনিটে
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটির সুবাদে উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।
এ সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে আইডিএলসি ফাইন্যান্স।
সম্প্রতি রাজধানীর গুলশানে আইডিএলসি করপোরেট হেড অফিসে অনুষ্ঠিত ৩৭০তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এতে দেখা যায়, বছরের প্রথম ছয় মাসে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ২ টাকা ৯৯ পয়সায় উন্নীত হয়েছে। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা।
প্রতিষ্ঠানটি আর্থিক দক্ষতার সূচকেও উন্নতি করেছে। প্রথমার্ধে বার্ষিক ভিত্তিতে রিটার্ন অন ইকুইটি (আরওই) বেড়ে ১২ দশমিক ৩৬ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছে। এর মাধ্যমে মূলধন ও সম্পদের কার্যকর ব্যবহারের প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে আইডিএলসি ফাইন্যান্স।
অন্যদিকে একক (স্ট্যান্ডঅ্যালোন) ভিত্তিতে গ্রাহক আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫৪ কোটি টাকায় এবং ঋণ পোর্টফোলিও বেড়ে হয়েছে ১১ হাজার ৭৬০ কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার (এনপিএল) ৪ দশমিক ৫৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি ১১২ শতাংশ এনপিএল প্রভিশন কাভারেজ রেশিও বজায় রেখে ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্ক অবস্থান ধরে রেখেছে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, ‘ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিজুড়ে ফান্ডিং কস্ট নিয়ন্ত্রণ, অ্যাসেট কোয়ালিটি ধরে রাখার চাপ এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে মানানসই সমাধান তৈরিসহ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে; তা সত্ত্বেও ২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসির মূল লক্ষ্য ছিল অপরিবর্তিত।’
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন, ‘অ্যাসেট কোয়ালিটি ধরে রাখার পাশাপাশি মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ভবিষ্যতের জন্য আইডিএলসির ভিত্তিকে আরো শক্তিশালী ও টেকসই করবে।’