নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ৫ বার পঠিত | পড়ুন মিনিটে
দেশের পর্যবেক্ষণাধীন নদ-নদীগুলোর মধ্যে বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিনে কুশিয়ারা তীরবর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি কমলেও কুশিয়ারার পানি বেড়েছে।
আগামী দুই দিন এ নদীর পানি আরও বাড়তে পারে এবং পরবর্তী এক দিন স্থিতিশীল থাকতে পারে। তবে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে, এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি কমেছে। আগামী দুই দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে, এরপর তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। আগামী তিন দিনও এ অবস্থা বজায় থাকতে পারে, এরপর দুই দিন পানি বাড়তে পারে। তবে এসব নদীর পানিও বিপৎসীমার নিচেই থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরাঞ্চলের রংপুর বিভাগে ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে, আর তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। এসব নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিন বাড়তে পারে।