নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১ বার পঠিত | পড়ুন মিনিটে
আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পা রাখার পরই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী। ২০২৫ সালের এপ্রিলে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল অভিষেকের পর থেকেই নজর কাড়ছিলেন তিনি।
টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক হয়ে ‘অরেঞ্জ ক্যাপ’ জেতার পাশাপাশি আইপিএলে সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও পায় বৈভব। এরপর থেকেই তাকে জাতীয় দলে নেওয়ার জোর দাবি উঠতে থাকে। এই তুমুল আলোচনার মাঝেই রাজস্থান রয়্যালসের করা তার একটি পুরনো সাক্ষাৎকার নতুন করে স্পটলাইটে উঠে এসেছে।
আইপিএল শেষে দলের সবচেয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে অভিজ্ঞ দুই সদস্যের এক যৌথ সাক্ষাৎকারের আয়োজন করেছিল রাজস্থান কর্তৃপক্ষ।
যেখানে বৈভবের সঙ্গে মুখোমুখি বসেছিলেন রবীন্দ্র জাদেজা। দুজনকেই ছুড়ে দেওয়া হয়েছিল একই প্রশ্ন—এমন কোনো বোলার আছেন, যাকে সামলাতে ভয় পান বা মুখোমুখি হতে চান না?
প্রশ্ন শুনে মাত্র ১৪ বছর বয়সী (তৎকালীন) বৈভবের ঝটপট উত্তর, ‘এখনও তেমন কেউ নেই!’ পরক্ষণেই স্পষ্ট করে সে বলে, ‘আইপিএলের কথা বলছেন? সত্যি বলতে, তেমন কোনো বোলারকে এখনও পাইনি।’ একই প্রশ্নের জবাবে জাদেজা অবশ্য হাসতে হাসতে বলেছিলেন, ‘জোফরা আর্চার! ভাগ্য ভালো যে ও আমাদের দলেই খেলে।’
পুরো টুর্নামেন্টে নিজের সেরা ম্যাচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে গুয়াহাটির লড়াইটিকে বেছে নেয় বৈভব।